যুক্তরাষ্ট্রে ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে গিয়ে বিমানবন্দরে কঠোর তল্লাশির মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। নিউ জার্সিতে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের এই আকস্মিক ও কঠোর চেকিংয়ের সম্মুখীন হন খেলোয়াড়রা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘কঠোর তল্লাশি’ নামের এই হয়রানি বিশ্বব্যাপী নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

গ্লোবো জানিয়েছে, ব্রাজিলকেও সেনেগালের মতো একই পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

এর আগে মঙ্গলবার নর্থ ক্যারোলাইনা বিমানবন্দরের টারম্যাকে সেনেগাল দলের তল্লাশির ছবি প্রকাশিত হয়েছিল।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নিউ জার্সিতে পৌঁছানোর পর ব্রাজিল ফুটবল দলের খেলোয়াড়দের পাশাপাশি এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং অন্যান্য কর্মচারীদেরও কঠোর তল্লাশি করা হয়।

এ সময় মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয় এবং ব্যাগ তল্লাশি করা হয়। সভাপতি থেকে শুরু করে খেলোয়াড়—কারও মধ্যে কোনো পার্থক্য করা হয়নি।

প্রত্যেককে বসতে, দাঁড়াতে এবং জুতা খুলে দেখাতে হয়েছে। বিমানবন্দরের টারম্যাকেই এই তল্লাশি করা হয়।

এর আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার দোহাই দিয়ে বৈধ ভিসা থাকা সত্ত্বেও একজন সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়।