স্প্যানিশ ক্লাব ফুটবলের অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদের জন্য মঙ্গলবারটি ছিল ঘটনাবহুল। একদিকে প্রথম দলের কোচের দায়িত্ব ছাড়লেন ক্লাবের সাবেক তারকা ও দীর্ঘদিনের বিশ্বস্ত মুখ আলভারো আরবেলোয়া।

জরুরি পরিচালনা পর্ষদ সভার পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে আরবেলোয়ার বিদায়ের বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। ক্লাব জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই প্রথম দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

রিয়ালের বিবৃতিতে বলা হয়, আলভারো আরবেলোয়া খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই ক্লাবের প্রতি অসাধারণ নিষ্ঠা, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতির পরিচয় দিয়েছেন। যুব একাডেমি থেকে উঠে এসে মূল দলে নিজের পরিচয় গড়া এই সাবেক ডিফেন্ডার ক্লাবের মূল্যবোধ ও ঐতিহ্যের অন্যতম প্রতিনিধি ছিলেন।

ক্লাব আরও জানায়, রিয়াল মাদ্রিদ সবসময়ই আরবেলোয়ার জন্য একটি পরিবারের মতো থাকবে এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হচ্ছে।