বিশ্বকাপ শুরুর ঠিক আগমূহুর্তে ফিফার আপত্তির মুখে পড়েছে হাইতি। দলটির বিশ্বকাপ জার্সিতে যুদ্ধের ছবি রাখা নিয়ে আপত্তি জানিয়ে জার্সি পরিবর্তনের নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা। ফলে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর মাত্র কয়েক দিন আগে জার্সির নকশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে তারা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খেলা দুটি প্রস্ততি ম্যাচে হাইতির খেলোয়াড়দের পরনে ছিল বিশেষ এই জার্সি। সেখানে ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ব্যাটল অব ভার্তিয়ারেসের’ একটি চিত্রকর্ম এবং হাইতির জাতীয় পতাকা খোদাই করা ছিল। এই যুদ্ধের মাধ্যমেই ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল ক্যারিবীয় দেশটি। গত ২ জুন নিউজিল্যান্ড ও ৫ জুন পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে এই জার্সি পরেই মাঠে নেমেছিলেন ফুটবলাররা। কিন্তু ফিফা এই নকশায় রাজনৈতিক অনুষঙ্গ থাকার অভিযোগে আপত্তি জানালে জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত আসে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে জার্সি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে হাইতির কিট প্রস্ততকারক কলম্বিয়ান প্রতিষ্ঠান সায়েতা।