এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত ও বিতর্কিত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন শুরু হচ্ছে আফ্রিকার অন্যতম পরাশক্তি মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী ১৪ জুন ভোর ৪টায় শুরু হবে এই হাইপ্রোফাইল ম্যাচটি। যার জন্য ভিনচিচকে প্রধান রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচে তার সহকারী বা লাইনসম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশী দুই রেফারি। অতীতে একাধিক গুরুত্বপূর্ণ এবং বড় ম্যাচে দায়িত্ব পালন করতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন স্লাভকো ভিনচিচ। খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই, মাত্র এক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে তার একটি সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছিল। বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে বিতর্কিতভাবে লাল কার্ড দেখান ভিনচিচ। তার এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল বোদ্ধা ও সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ভিনচিচের তীব্র বাকবিতণ্ডাও হয়েছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে। শুধুমাত্র মাঠের রেফারিংই নয়, মাঠের বাইরের এক অন্ধকার অধ্যায়ের কারণেও ফুটবল বিশ্বে বেশ আলোচিত নাম ভিনচিচ। কয়েক বছর আগে একটি মাদক সংক্রান্ত বড় অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই স্লোভেনিয়ান রেফারি। যদিও শুরু থেকেই নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আসছিলেন ভিনচিচ। পরবর্তীতে দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় আদালত তাকে সসম্মানে মুক্তি দেয়। কার্লো আনচেলত্তির ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে কেমন খেলে, কিংবা মাঠের রেফারিং কতটা নিঁখুত থাকে, সেদিকেই এখন নজর পুরো ফুটবল বিশ্বের।