দীর্ঘ প্রায় আট বছর পর উৎসবমুখর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ কার্যবর্ষের সাধারণ নির্বাচন। বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে ভোটগ্রহণ হয়। নির্বাচনে সম্মিলিত শিক্ষক পরিষদ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

নির্বাচনে সভাপতি পদে গণিত বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজুর আলম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন, ফলে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নির্বাচনে সহ-সভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ পদে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ-ই-ইলাহী, দপ্তর সম্পাদক পদে ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক, প্রচার সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাকিব সালিম এবং মহিলা সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা বলেন, শিক্ষক সমিতিকে আরও কার্যকর ও গতিশীল সংগঠনে পরিণত করা, শিক্ষকদের পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক পরিবেশ উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। তিনি শিক্ষক সমাজের আস্থা ও সমর্থনের জন্য সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ডুয়েটের শিক্ষক সমাজে গণতান্ত্রিক চর্চা ও অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।