প্রযুক্তির সহায়তা ও মানবিক উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রায় তিন বছর ধরে নিখোঁজ থাকা এক বাক প্রতিবন্ধী যুবকের পরিচয় শনাক্ত করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলা। দীর্ঘদিন পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার বাবা-মা ও স্বজনরা।
পিবিআই সূত্রে জানা যায়, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই যুবকের নাম শফিকুল ইসলাম (২৭)। তার পিতা আব্দুল আজিজ ও মাতা হালিমা খাতুন। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কিসমত আমোদাবাদ গ্রামে।
ঘটনার বিবরণে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার বাসিন্দা শরিফুল আলম প্রায় এক বছর আগে তার চায়ের দোকানের সামনে কান্নারত অবস্থায় বাক প্রতিবন্ধী ওই যুবককে দেখতে পান। কথা বলতে না পারায় এবং নিজের পরিচয় কিংবা ঠিকানা জানাতে অক্ষম হওয়ায় মানবিক কারণে তিনি তাকে আশ্রয় দেন। এরপর দীর্ঘ এক বছর ধরে বিভিন্ন মাধ্যমে তার পরিচয় খুঁজে বের করার চেষ্টা চালান।
শরিফুল আলম জানান, বাক প্রতিবন্ধী যুবকটি প্রায়ই পরিবারের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষায় কান্নাকাটি করতেন। ভবিষ্যতে কোনো আইনি জটিলতা এড়াতে তিনি গত ৩ জুন শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। পরে পিবিআইয়ের সফল পরিচয় শনাক্তকরণের বিভিন্ন ঘটনার কথা জেনে তিনি ওই যুবককে নিয়ে পিবিআই গাজীপুর কার্যালয়ে যান।
পিবিআইর গাজীপুরের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারের নির্দেশনায় পিবিআইয়ের একটি বিশেষ টিম ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করে। পরে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে ময়মনসিংহের নান্দাইল এলাকায় যোগাযোগ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, প্রায় তিন বছর আগে নিখোঁজ হওয়া তাদের সন্তানই এই শফিকুল ইসলাম।
পরবর্তীতে শফিকুল ইসলামের বাবা-মা ও পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শ্রীপুরে এসে তাকে গ্রহণ করেন। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আশ্রয়দাতা শরিফুল আলম ও পিবিআই গাজীপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংকেত ভাষায় শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন পর বাবা-মা ও স্বজনদের কাছে ফিরে যেতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
গাজীপুরের পিবিআই পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, 'সেবাই পুলিশের ধর্ম। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পিবিআই গাজীপুর জেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অজ্ঞাতনামা এই বাক প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।'
এ ঘটনায় স্থানীয়দের মাঝেও ব্যাপক প্রশংসা সৃষ্টি হয়েছে। মানবিকতা, প্রযুক্তি ও পেশাদারিত্বের সমন্বয়ে পিবিআই গাজীপুর জেলার এ উদ্যোগকে অনেকে পুলিশের জনসেবামূলক কর্মকাণ্ডের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।