গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রো-ভিসি পদে বহিরাগত নিয়োগের প্রতিবাদে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমানকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার সরকারি সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষক সমিতি বলেছে, এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের স্বকীয়তা, অভ্যন্তরীণ নেতৃত্বের বিকাশ এবং একাডেমিক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সক্ষম, অভিজ্ঞ ও জ্যেষ্ঠ বহু শিক্ষক গাকৃবিতেই রয়েছেন।

তাঁদের উপেক্ষা করে বহিরাগত কাউকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ায় শিক্ষক সমাজ গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণার ধারাবাহিকতা এবং প্রশাসনিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, আন্তর্জাতিক বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে পরিচিত এ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক রয়েছেন। তাই বহিরাগত নিয়োগ শিক্ষক সমাজের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এখানকার শিক্ষকরা শিক্ষা, গবেষণা ও প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। সেই অবদান ও অভিজ্ঞতাকে মূল্যায়ন না করে বহিরাগত নিয়োগ দেওয়া শিক্ষক সমাজকে ব্যথিত করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিজস্ব শিক্ষকসমাজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

শিক্ষক নেতারা আরও জানান, এর আগে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের গুঞ্জন ছড়িয়ে পড়লে শিক্ষক সমিতি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে অভ্যন্তরীণভাবে যোগ্য ব্যক্তিকে নিয়োগের দাবি জানিয়েছিল। কিন্তু সেই দাবি উপেক্ষা করে বর্তমান নিয়োগ দেওয়ায় শিক্ষক সমাজে অসন্তোষ আরও বেড়েছে।

সভা থেকে শিক্ষক সমিতি সরকারের প্রতি অবিলম্বে এ নিয়োগ পুনর্বিবেচনা করে প্রত্যাহার এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে প্রো-ভিসি নিয়োগের আহ্বান জানায়। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী সিদ্ধান্ত বহাল থাকলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে শিক্ষক সমাজ বাধ্য হবে।