১৯৮৩ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের সূচনা ঘটে। একটি বিকল্প আর্থিক দর্শন হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের ধারাবাহিকতায় এটি দেশের সামগ্রিক ব্যাংকিং কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী স্তম্ভে পরিণত হয়েছে। আজ ইসলামী ব্যাংকিং কেবল ধর্মীয় নীতিভিত্তিক সীমিত কাঠামো নয়; বরং এটি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি বাণিজ্য, প্রবাসী আয় প্রবাহ এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের একটি শক্তিশালী ও কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত।
গত চার দশকের অধিক সময়ে এই খাতের বিকাশ ছিল ধাপে ধাপে ও বহুমাত্রিক। প্রাথমিক পর্যায়ে সীমিত শাখা, সীমিত পণ্যসেবা এবং জনসচেতনতার অভাবের কারণে ইসলামী ব্যাংকিং ছিল তুলনামূলক ক্ষুদ্র পরিসরের একটি উদ্যোগ। পরবর্তীতে ২০০০ সালের পর থেকে এর বিস্তার দ্রুততর হয় এবং ২০১৫ সালের পর ডিজিটাল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও ফিনটেক প্রযুক্তির সমন্বয়ে এটি আধুনিক আর্থিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশে রূপ নেয়। বর্তমানে ইসলামী ব্যাংকিং আর কোনো বিকল্প ব্যবস্থা নয়; বরং এটি মূলধারার ব্যাংকিং ব্যবস্থার একটি শক্তিশালী উপাদান হিসেবে প্রতিষ্ঠিত।
বাংলাদেশ ব্যাংকের Islamic Banking Quarterly Report (October–December 2025) অনুযায়ী, ইসলামী ব্যাংকিং খাত বর্তমানে দেশের মোট ব্যাংকিং আমানতের প্রায় ২৪.৩৮ শতাংশ এবং মোট বিনিয়োগের প্রায় ২৯.১০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এ সময়ে মোট আমানতের পরিমাণ প্রায় ৪.৮১ ট্রিলিয়ন টাকা এবং বিনিয়োগের পরিমাণ প্রায় ৫.২৫ ট্রিলিয়ন টাকা। এই পরিসংখ্যান কেবল একটি খাতের প্রবৃদ্ধি নয়; বরং বাংলাদেশের সামগ্রিক আর্থিক কাঠামোর ভেতরে ইসলামী ব্যাংকিংয়ের গভীর ও সুসংহত অবস্থানের প্রতিফলন।
এই খাতের অগ্রযাত্রায় দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি অন্যান্য ইসলামী ব্যাংক, ইসলামী উইন্ডো এবং ইসলামী শাখাসমূহ দেশের বিভিন্ন অঞ্চলে আর্থিক সেবা বিস্তারে অবদান রাখছে। এর ফলে ইসলামী ব্যাংকিং এখন শুধু শহরকেন্দ্রিক সীমায় আবদ্ধ নয়; বরং গ্রামীণ অর্থনীতিতেও এর কার্যকর উপস্থিতি গড়ে উঠেছে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো রেডিমেড গার্মেন্টস শিল্প, যা মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশের বেশি অবদান রাখে। এই খাতের বিকাশে ইসলামী ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে কাঁচামাল আমদানির অর্থায়ন, কার্যকর কর্মরত মূলধন সরবরাহ, আন্তর্জাতিক লেনদেন এবং সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনায়। এর ফলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প বৈশ্বিক প্রতিযোগিতায় শক্ত অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে, প্রবাসী আয় বা রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ইসলামী ব্যাংকিং চ্যানেল এই রেমিট্যান্স প্রবাহকে আরও সংগঠিত, দ্রুত ও স্বচ্ছ করেছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ বৃদ্ধি এবং হুন্ডি নির্ভরতা হ্রাসের ফলে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতা এসেছে, যা দেশের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনাকে আরও সুদৃঢ় করেছে।
গ্রামীণ অর্থনীতি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা SME) খাতে ইসলামী ব্যাংকিংয়ের ভূমিকা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাইউল মুরাবাহা, বাইউস সালাম, বাইউল মুয়াজ্জাল, ইজারা (বিশেষ করে এইচপিএসএম), মুশারাকা এবং অন্যান্য শরী’আহভিত্তিক অর্থায়ন পদ্ধতির মাধ্যমে উদ্যোক্তারা তুলনামূলক সহজে অর্থায়নের সুযোগ পাচ্ছেন। কৃষি খাতে বীজ, সার এবং মৌসুমি উৎপাদনে অর্থায়ন গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করেছে, যা দারিদ্র্য হ্রাস এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এই ব্যবস্থার একটি মৌলিক বৈশিষ্ট্য হলো এর শক্তিশালী শরী’আহ গভর্ন্যান্স কাঠামো। শরী’আহ সুপারভাইজরি কমিটি/বোর্ড, অভ্যন্তরীণ শরী’আহ অডিট এবং কমপ্লায়েন্স ইউনিটের সমন্বয়ে প্রতিটি ব্যাংকিং কার্যক্রম শরী’আহসম্মত কিনা তা যাচাই করা হয়। এর মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থায় নৈতিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
শরী’আহ স্কলারদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কেবল অনুমোদন প্রদান করেন না; বরং ব্যাংকিং পণ্য, বিনিয়োগ কাঠামো এবং আর্থিক চুক্তির গভীর বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংশোধনী পরামর্শ প্রদান করেন। এর ফলে ইসলামী ব্যাংকিং একটি নৈতিক ও মূল্যবোধনির্ভর আর্থিক ব্যবস্থায় পরিণত হচ্ছে, যা প্রচলিত ব্যাংকিং কাঠামোর তুলনায় স্বতন্ত্র দার্শনিক ভিত্তি উপস্থাপন করে।
বর্তমানে ইসলামী ব্যাংকিং দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং ফিনটেক সমাধানের মাধ্যমে শহর ও গ্রাম উভয় অঞ্চলে আর্থিক সেবা সহজলভ্য হয়েছে। এই পরিবর্তন আর্থিক অন্তর্ভুক্তিকে আরও বিস্তৃত করেছে এবং ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের নিকটবর্তী করেছে।
ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে দেখা যায়, ইসলামী ব্যাংকিং বাংলাদেশের অর্থনীতিতে আরও বিস্তৃত ও গভীর ভূমিকা রাখতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ব্লকচেইন প্রযুক্তি, সবুজ অর্থায়ন (Green Islamic
Finance) এবং সুকূক বাজার সম্প্রসারণ এই খাতকে নতুন উচ্চতায় উন্নীত করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড যেমন IFSB ও AAOIFI সম্পূর্ণভাবে বাস্তবায়ন এই খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।
তাই বলা যায়, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এখন আর কোনো বিকল্প ব্যবস্থা নয়; বরং এটি জাতীয় অর্থনীতির একটি সুদৃঢ় স্তম্ভে পরিণত হয়েছে। প্রায় ৪.৮১ ট্রিলিয়ন টাকার আমানত, ৫.২৫ ট্রিলিয়ন টাকার বিনিয়োগ এবং ব্যাংকিং খাতে এক-চতুর্থাংশের অধিক অংশীদারিত্ব এই খাতের শক্ত অবস্থানকে স্পষ্টভাবে প্রমাণ করে। যথাযথ নীতিগত সহায়তা, দক্ষ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে ইসলামী ব্যাংকিং বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
তবে এই অগ্রগতির পাশাপাশি কিছু কাঠামোগত সীমাবদ্ধতাও বিদ্যমান। কিছু ব্যাংকে শরী’আহ ও কর্পোরেট গভর্ন্যান্স দুর্বলতা, তারল্য ব্যবস্থাপনায় চাপ, দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে পূর্ণ সামঞ্জস্যের অভাব লক্ষ করা যায়। পাশাপাশি পণ্য উদ্ভাবনের সীমাবদ্ধতা এবং নিয়ন্ত্রক কাঠামোর জটিলতাও খাতটির পূর্ণ সম্ভাবনা অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আবার এই সাফল্যের মধ্যেও কাঠামোগত দুর্বলতা, নীতিগত সীমাবদ্ধতা এবং ব্যবস্থাপনা-সংক্রান্ত চ্যালেঞ্জ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে ইসলামী ব্যাংকিংয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র আইনগত কাঠামোর অনুপস্থিতি খাতটির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য বড় একটি বাধা। বর্তমানে প্রচলিত ব্যাংকিং আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার সমন্বয়ে ইসলামী ব্যাংকগুলো পরিচালিত হলেও এটি শরী’আহভিত্তিক আর্থিক কার্যক্রমের জন্য যথেষ্ট নয় বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। এর ফলে নীতিগত অস্পষ্টতা, ব্যাখ্যাগত ভিন্নতা এবং শারঈাহ গভর্ন্যান্সে একরূপতার অভাব দেখা দেয়।
ইসলামী ব্যাংকিং খাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো তারল্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। প্রচলিত সুদভিত্তিক ইন্টারব্যাংক মার্কেটের বিকল্প হিসেবে পূর্ণাঙ্গ ইসলামী মানি মার্কেট এখনও যথেষ্ট বিকশিত হয়নি। ফলে ব্যাংকগুলোকে প্রায়ই তারল্য সংকট মোকাবেলায় সীমিত সরকারি ইসলামি সুকূক বা অন্যান্য স্বল্পমেয়াদি উপকরণের ওপর নির্ভর করতে হয়, যা ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতাকে বাধাগ্রস্ত করে। একই সঙ্গে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টের সীমিত বৈচিত্র্য খাতটির বিনিয়োগ সক্ষমতাকে সীমিত করছে। ব্যবসায়িক কাঠামোর দিক থেকেও একটি মৌলিক সমস্যা বিদ্যমান, যেখানে ইসলামী ব্যাংকগুলো অধিকাংশ ক্ষেত্রেই বাইউল মুরাবাহা, বাইউল মুয়াজ্জাল, বাইউস সালাম ও ইজারা-ভিত্তিক পদ্ধতির ওপর নির্ভরশীল। অংশীদারিত্বভিত্তিক মুদারাবা ও মুশারাকা ব্যবস্থার প্রয়োগ তুলনামূলকভাবে খুবই সীমিত, যা ইসলামী অর্থনীতির মৌলিক দর্শনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে খাতটি অনেকাংশে ‘ঋণ-সদৃশ সুদবিহীন মডেল’-এ সীমাবদ্ধ থেকে যাচ্ছে, যা এর প্রকৃত অংশীদারিত্বমূলক অর্থনৈতিক সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
অন্যদিকে, কর্পোরেট গভর্ন্যান্স এবং শরী’আহ সুপারভাইজরি কমিটি/বোর্ডের কার্যকারিতার ক্ষেত্রেও সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ব্যাংকের শরী’আহ কমিটি/বোর্ডের মান, স্বাধীনতা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে পার্থক্য থাকায় একটি সমন্বিত মানদণ্ড গড়ে ওঠেনি। পাশাপাশি নন-পারফর্মিং ইনভেস্টমেন্ট, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দুর্বলতা এবং কিছু ক্ষেত্রে রাজনৈতিক ও কর্পোরেট প্রভাব খাতটির সুনাম ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি সৃষ্টি করছে।
নীতিগতভাবে ইসলামী ব্যাংকিং খাত এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে এর দ্রুত সম্প্রসারণ ও জনআস্থা বৃদ্ধি, অন্যদিকে কাঠামোগত সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রক চ্যালেঞ্জÑ এই দুই বিপরীত প্রবণতা সমান্তরালভাবে কাজ করছে।
এই বাস্তবতায় নীতিগত সংস্কার অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে নীতিগত সংস্কার অত্যন্ত জরুরি।
ইসলামী ব্যাংকিংয়ের জন্য স্বতন্ত্র আইন প্রণয়ন, কেন্দ্রীয় শারী’আহ গভর্ন্যান্স কাঠামো শক্তিশালীকরণ, তারল্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পণ্য উদ্ভাবন বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড পূর্ণ বাস্তবায়ন এই খাতের ভবিষ্যৎ উন্নয়নের প্রধান শর্ত। এ খাতকে কাক্সিক্ষত লক্ষে পৌঁছাতে আরো করণীয় দিকগুলো হলো:
প্রথমত, এই খাতকে টেকসই, শৃঙ্খলাবদ্ধ এবং আন্তর্জাতিক মানসম্মত ব্যবস্থায় রূপান্তর করতে হলে সবচেয়ে প্রথমেই বাংলাদেশ ব্যাংকের বলিষ্ঠ তদারকি ও কার্যকর আইনের প্রয়োগ নিশ্চিত করা অপরিহার্য। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রক ভূমিকা কেবল নির্দেশনা জারি করায় সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন পর্যায়ে কঠোর মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে শরী’আহভিত্তিক ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা যথাযথভাবে অনুসৃত হয়। একই সঙ্গে আন্তর্জাতিক ইসলামী ব্যাংকিং মানদণ্ড, বিশেষ করে AAOIFI ও IFSB--এর নীতিমালা অনুসরণকে বাধ্যতামূলক পর্যায়ে নিয়ে আসা জরুরি, যাতে বৈশ্বিক ইসলামী ফাইন্যান্স ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের ব্যাংকিং খাতের সামঞ্জস্য বৃদ্ধি পায়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত কেন্দ্রীয় শরী’আহ বোর্ডকে আরও শক্তিশালী, স্বাধীন এবং প্রভাবশালী করা প্রয়োজন, যাতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে তারা বাস্তবিক অর্থেই কার্যকর ভূমিকা রাখতে পারে।
দ্বিতীয়ত, ইসলামী ব্যাংকিংয়ের জন্য একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করা প্রয়োজন, কারণ বিদ্যমান প্রচলিত ব্যাংকিং কাঠামোর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। এই আইন শরী’আহ গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক স্বচ্ছতার বিষয়গুলো সুস্পষ্টভাবে নির্ধারিত থাকবে।
তৃতীয়ত, শরী’আহ সুপারভাইজরি কমিটি বা বোর্ডকে কেবল পরামর্শদাতা পর্যায়ে না রেখে পূর্ণাঙ্গ স্বাধীন ও শক্তিশালী কাঠামোতে উন্নীত করতে হবে এবং তাদের কার্যক্রমে স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শরী’আহ স্কলারদেরও মুআমালাত সংক্রান্ত ফিকহি মাসয়ালা ও সমসাময়িক ফতোয়া প্রণয়নে আরও সক্রিয় ও গবেষণাভিত্তিক ভূমিকা গ্রহণ করা প্রয়োজন, যাতে আধুনিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে ইসলামী বিধানগত সামঞ্জস্য বজায় থাকে। একই সঙ্গে বোর্ড অব ডিরেক্টরসকে শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স কাঠামোর অধীনে এনে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, যাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয়।
চতুর্থত, একটি কেন্দ্রীয় ও মানসম্মত শরী’আহ গভর্ন্যান্স কাঠামো প্রতিষ্ঠা করা জরুরি, যাতে সকল ইসলামী ব্যাংকের জন্য অভিন্ন নির্দেশিকা ও অডিট মানদণ্ড নিশ্চিত করা যায়।
পঞ্চমত, ইসলামী মানি মার্কেট ও সুকূক বাজারকে আরও গভীর ও বিস্তৃত করতে হবে, যাতে তারল্য ব্যবস্থাপনা আরও কার্যকর হয়।
ষষ্ঠত, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার আরও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো পণ্য উদ্ভাবনের সীমাবদ্ধতা, যেখানে অধিকাংশ ব্যাংক এখনো বাইউল মুরাবাহা ও বাইউল মুয়াজ্জাল নির্ভর কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই নির্ভরতা কমিয়ে শরী’আহসম্মত নতুন আর্থিক পণ্য উদ্ভাবন করা অত্যন্ত জরুরি, যা অংশীদারিত্বভিত্তিক অর্থনীতির প্রকৃত দর্শনকে প্রতিফলিত করবে। একইভাবে লিকুইডিটি ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর নীতি এবং নতুন আর্থিক উপকরণ তৈরি করা প্রয়োজন, যাতে ইসলামী ব্যাংকগুলো তারল্য সংকটে সুদভিত্তিক ব্যবস্থার ওপর নির্ভরশীল না থাকে। তাই আর্থিক পণ্য ও বিনিয়োগ কাঠামোর বৈচিত্র্য বৃদ্ধি করা প্রয়োজন, বিশেষ করে মুদারাবা ও মুশারাকা-ভিত্তিক প্রকল্প অর্থায়নকে উৎসাহিত করতে হবে।
সপ্তমত, এ খাত সংশ্লিষ্ট মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড (যেমন AAOIFI ও IFSB) অনুসরণের মাধ্যমে খাতটির বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো যেতে পারে।
অষ্টমত, খাতটিকে রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখা অত্যন্ত জরুরি, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ ব্যাংকিং শৃঙ্খলা ও আস্থার জন্য দীর্ঘমেয়াদে বড় ঝুঁকি তৈরি করে।
নবমত, প্রযুক্তিগত দিক থেকে ইসলামী ব্যাংকিং খাতকে আধুনিকায়ন করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ফিনটেক এবং ডিজিটাল ব্যাংকিং সেবাকে ব্যাপকভাবে গ্রহণ ও জনপ্রিয় করতে হবে, যাতে গ্রাহকসেবা দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর হয়।
ইসলামী ব্যাংকিংয়ের টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য, বিশেষ করে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে একাডেমিশিয়ান তৈরি করা এখন সময়ের দাবি। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাদরাসা পর্যায়ে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক স্বতন্ত্র কোর্স চালু করা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ খাতে দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে উঠতে পারে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে আরও কার্যকর ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে সব ব্যাংকের কার্যক্রমকে একটি অভিন্ন কাঠামো বা ফরমেটে পরিচালনা করা প্রয়োজন, বিশেষ করে বিনিয়োগ ব্যবস্থাপনায় একটি ইউনিফর্ম নীতিমালা থাকা জরুরি। এতে খাতটির অভ্যন্তরীণ সমন্বয় বৃদ্ধি পাবে এবং কার্যকারিতা আরও শক্তিশালী হবে।
মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের মতো দেশগুলোর আদলে একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন, যেখানে আইন, নীতি, বাজার এবং শারঈাহ গভর্ন্যান্স একীভূত ও সুসংগঠিত থাকবে।
বিশেষভাবে সুকুক বাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি, যাতে এটি সরকারি ও বেসরকারি খাতে উন্নয়ন অর্থায়নের একটি শক্তিশালী উৎসে পরিণত হতে পারে।
এই সমন্বিত উদ্যোগগুলো গ্রহণ করা গেলে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাত কেবল অভ্যন্তরীণ অর্থনীতির নয়, বরং বৈশ্বিক ইসলামী ফাইন্যান্স ব্যবস্থার একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হবে।
সবশেষে বলা যায়, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কেবল একটি বিকল্প ব্যবস্থা নয়, বরং এটি জাতীয় আর্থিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে। তবে এই অর্ধশতকের অর্জনকে টেকসই ও ভবিষ্যৎমুখী করতে হলে প্রয়োজন সুস্পষ্ট নীতিগত সংস্কার, শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো এবং নৈতিক আর্থিক শাসনের কার্যকর বাস্তবায়ন। এই পদক্ষেপগুলো গ্রহণ করা গেলে বাংলাদেশ ইসলামী ব্যাংকিংয়ের আঞ্চলিক ও বৈশ্বিক কেন্দ্র হিসেবে আরও শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।
সবশেষে বলা যায়, ইসলামী ব্যাংকিং বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় একটি শক্তিশালী ও সম্ভাবনাময় খাত। প্রয়োজন কেবল সুসংগঠিত নীতি, দক্ষ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর আধুনিকায়নÑ যা নিশ্চিত করা গেলে এটি জাতীয় ও বৈশ্বিক অর্থনীতিতে আরও শক্তিশালী অবস্থান অর্জন করবে।