জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে জুলাইয়ের কবিতা পাঠ, সংগীত ও অভিনয় সন্ধ্যা গতকাল বুধবার (২২ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।

রিমঝিম বৃষ্টির রিনিঝিনি শব্দে জুলাই মাসের এক গোধূলি বেলা রূপ নেয় এক মায়াবী কাব্যিক সন্ধ্যায়। এই স্নিগ্ধ সময়ে চারপাশ ভিজে একাকার হয়ে যায়। কবিদের পঙক্তিমালা আর সংগীতের সুরের মূর্ছনা বৃষ্টির ছন্দের সাথে মিলে মৃদু আলোয় ভাসিয়ে আনে জুলাইয়ের উত্তাল স্মৃতি। অভিনয়ের সংলাপে ও শিল্পের আলোয় উপস্থিত দর্শকেরা স্মৃতিকাতরতায় ডুবে যান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল। ডাহুক আবৃত্তি সংসদের পরিচালক তারিক হাসিব ও কবি ওয়াহিদ আল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর সাবেক নির্বাহী পরিচালক আবু মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি আল্লামা ইকবাল, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ও সাহিত্য সম্পাদক আফসার নিজাম।

কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী আজহারুল ইসলাম রণি, নজরুল ইসলাম, মাহবুব টিটু, আল-আমীন শরীফ ও মাসুম আলভী। স্বরচিত কবিতা পাঠ করেন ইব্রাহিম মন্ডল, আর কে শাব্বির আহমেদ, আহমেদ মঈন, আবুল খায়ের নাঈমুদ্দীন, নুরুল হক, সরদার আব্বাস উদ্দিন, সাইফ সাদী, কবির ভুঁইয়া, জান্নাতুল ফেরদৌসী, নূর মোহাম্মদ, আবু জাফর সালেহী, শামসুল হক জহির, আরিফ হোসাইন, আশরাফুল ইসলাম, আহনাফ আব্দুল্লাহ, রিয়াজুল ইসলাম, ইয়াসিন আরাফাত, তানভীর তালহা, মাঈশা মালিহা বাহার, আফিজা আমাতুল্লাহ, সাদিক মোশারফ ও আবতাহি আনবার। বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উম্মে হানি মেঘলা ও তাঁর দল।

সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিশুশিল্পী সুরাইয়া আখতার সাইফা, কিশোর শিল্পী জাহিন ইকবাল, মহানগর শিল্পীগোষ্ঠীর পরিচালক আবু রায়হান এবং তারকা শিল্পী শরীফুল ইসলাম, মাহফুজ মামুন, আব্দুস সালাম, এমসি মামুন, ইকবাল হোসেন, আব্দুল কাদের জিলানী, মুজাহিদ জামান, আব্দুল্লাহ বিন ফায়েজ ও শফিক আদনান। এ ছাড়া পিএম মিজানের নেতৃত্বে পৃথকভাবে মহানগর শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ সংগীত পরিবেশন করেন। একক অভিনয় পরিবেশন করেন মহানগর নাট্য সংসদের অভিনেতা আজিজ সাইফুল্লাহ ও রুবেল হোসেন।

রিমঝিম বৃষ্টির মধ্যেও হাজারো দর্শক-শ্রোতা, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কবিতা, গান ও অভিনয়ের মাধ্যমে জুলাইয়ের স্মৃতি ও শহীদদের স্মরণ করা হয় এবং দেশমাতৃকার প্রয়োজনে জুলাইয়ের চেতনা ও প্রেরণা জাগরূক রাখার দীপ্ত প্রত্যয় ঘোষণা করা হয়। বৃষ্টির শব্দের সাথে মিশে যাওয়া জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কবিতা পাঠ, দ্রোহের গান ও পথনাটকে পুরো প্রাঙ্গণ এক পবিত্র আবেগে মথিত হয়। আকাশ ভেঙে নামা বৃষ্টির ফোঁটা আর তরুণদের কণ্ঠে উচ্চারিত স্লোগান-কবিতা মিলে সৃষ্টি করে এক অসামান্য বিপ্লবের আবহ।

উল্লেখ্য, গত ১৯ ও ২০ জুলাই সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের আবৃত্তি বিভাগ 'ডাহুক আবৃত্তি সংসদ'-এর উদ্যোগে দুই দিনব্যাপী আবৃত্তি সন্ধ্যা বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। এতে আবৃত্তি করেন প্রখ্যাত বাচিক শিল্পী নাসিম আহমেদ, শরীফ বায়েজীদ মাহমুদ, মুস্তাগিছুর রহমান মুস্তাক, আহসান হাবীব প্রমুখ।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৯ জুলাই বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় জুলাই বিপ্লবের ওপর ভিত্তি করে নির্মিত বিশেষ নাটক মঞ্চস্থ হবে। সবাইকে উক্ত প্রদর্শনী উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।