তেহরানে হামলার পর সমগ্র মধ্য ও দক্ষিণ ইসরায়েল জুড়ে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে পুরো দেশজুড়ে সাইরেন বেজে উঠছে। ইরানে ইসরায়েলি হামলার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে জানায়, ইরানের তিনটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে।

গত রবিবার ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলা চালালে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ওই হামলায় অন্তত দুজন নিহত এবং ২০ জন আহত হন।

বৈরুতে হামলার পর ইরান উত্তর ইসরায়েল লক্ষ্য করে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং ইসরায়েলের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক ফোনালাপে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি 'দি ফিন্যান্সিয়াল টাইমস'-কে বলেছেন যে, সমস্ত সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন।