ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক ও প্রযুক্তি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিতর্কের মুখে ভিডিওটি পুনরায় চালু করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মালিক প্রতিষ্ঠান মেটা।
মেটা জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল। সমস্যা শনাক্ত হওয়ার পর সেটি দ্রুত পুনরুদ্ধার করা হয়েছে।
এক বিবৃতিতে মেটার এক মুখপাত্র বলেন, প্রযুক্তিগত সমস্যার কারণে কনটেন্টটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছিল। পরে বিষয়টি সংশোধন করে ভিডিওটি আবারও প্রকাশ করা হয়েছে।
তবে বিষয়টি শুধু প্রযুক্তিগত ভুল হিসেবেই দেখছে না ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ভিডিওটি কেন সরানো হয়েছিল এবং মেটার দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যা দিতে তলব করা হতে পারে বলেও জানা গেছে।
আলোচিত ভিডিওটি গত ২৩ জুলাই ফেসবুকে প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। এটি ছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ব্যানারে আয়োজিত শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের উদ্দেশে তাঁর প্রথম ভিডিও বার্তা।
ভিডিওতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন মোদি। অপসারণের আগে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং লাখোবার দেখা হয়েছিল।
ভিডিওটি পুনরায় চালু হলেও এর সাময়িক অপসারণের কারণ এবং মেটার ব্যাখ্যা নিয়ে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।