দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার ভরি ৩ হাজার ৫৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।
গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে কমছে সোনার দাম। এর আগে ২ জুন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, ৬ জুন ৫ হাজার ৪৮১ টাকা এবং ১০ জুন ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ কমানোর ফলে চার দফায় ভালো মানের সোনার দাম মোট ১৯ হাজার ৭৭১ টাকা হ্রাস পেল।
সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫৮ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ভরিতে ৫৯ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫৮ টাকা কমে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৫৯ টাকা কমে ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হবে।
ক্রমাগত মূল্যহ্রাসের ফলে স্বর্ণ ও রুপার বাজারে ক্রেতাদের আগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।