তিন মাসে দুইবার তেলের দাম, গ্যাস-বিদ্যুতের বিল বাড়িয়ে শ্রমিকের বন্ধু হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
শনিবার (৬ জুন) সকাল ৯টায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ফেডারেশনের নাটোর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের পরিবর্তনের যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, তার পেছনে শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠী সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেয়। তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারলে কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন অর্জন করা সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি শ্রমিক সমাজে নৈতিক ও আদর্শিক নেতৃত্ব গড়ে তোলা। প্রায় ৫৭ বছর আগে প্রতিষ্ঠিত এ সংগঠন আজ শ্রমিক অঙ্গনে একটি আশাব্যঞ্জক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন খাতের শ্রমিক এখনও ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা থেকে বঞ্চিত। কৃষি, গার্মেন্টস, নির্মাণ, পরিবহন, হোটেল, দোকানসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের জীবনমান কাঙ্ক্ষিতভাবে উন্নত হয়নি। তিনি প্রশ্ন রেখে বলেন, এত সরকার পরিবর্তন হয়েছে, এত বাজেট হয়েছে; কিন্তু শ্রমিকদের অবস্থার কতটা উন্নয়ন হয়েছে?
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা, চাকরির সুরক্ষা, ট্রেড ইউনিয়ন অধিকার এবং জীবনমান উন্নয়নের জন্য সংগঠনকে আরও সক্রিয় হতে হবে। শ্রমিকদের ওপর কোনো ধরনের জুলুম-নির্যাতন বা চাঁদাবাজি মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা জুলুম করব না, জুলুম সইবও না। যেখানে শ্রমিকের ওপর অন্যায় হবে, সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশন সবার আগে প্রতিবাদ করবে।
জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে শ্রমজীবী মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। শ্রমিক ও নিম্নআয়ের মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ড. মীর রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. জিয়াউল হক।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিন।
এতে জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে শ্রমিক অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।