রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করা সম্ভব নয়। মাদক নির্মূলে রাজনৈতিক সদিচ্ছা, আইনের কার্যকর প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন “মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যৌথ প্রয়াস“-শীর্ষক সেমিনারে বক্তারা।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে যুব উন্নয়ন সংসদের উদ্যোগে ‘সামাজিক প্রতিরোধ, আইনের কার্যকর প্রয়োগ ও সচেতনতা: মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যৌথ প্রয়াস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল (অব.) আব্দুল হকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যুবাইর মুহাম্মদ এহসানুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন সংসদের সদস্য সচিব ড. মোবারক হোসাইন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নকিব নাসরুল্লাহ, যুব উন্নয়ন সংসদের উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. কামাল হোসেন এমপি, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ, অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. আতিয়ার রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, দেশে মাদকদ্রব্য সহজলভ্য হয়ে পড়ায় শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বাড়ছে। তারা মাদক নিয়ন্ত্রণ নয়, বরং মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ সম্পূর্ণ বন্ধ করার ওপর জোর দিয়ে তারা অভিযোগ করেন, এ ক্ষেত্রে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা জোরদার করতে হবে। মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে কর্নেল (অব.) আব্দুল হক বলেন, “মাদকের সূত্রপাত হচ্ছে সিগারেট। সরকার যদি সিগারেটই নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে মাদক কীভাবে নির্মূল করবে?” তিনি অভিযোগ করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যবস্থায় দুর্নীতি থাকলে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য আগে দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।