বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ জুন) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর মগবাজারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশইন ইস্যু ও সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ও বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সরকারের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক এবং ১১ দলীয় ঐক্যের চলমান রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বৈঠকে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
সাংগঠনিক বিষয়ে আলোচনা প্রসঙ্গে বিবৃতিতে জানানো হয়, আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন সফল করতে বৈঠকে বিস্তারিত এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। একই সাথে দেশের বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের করণীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।