জুলাই বিপ্লবকে সাহিত্যিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ডাকসু ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ প্রতিযোগিতার ঘোষণা দেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
সাংবাদিক সম্মেলনে মোসাদ্দেক বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই কালচারাল ফ্যাসিস্ট চক্রের প্রধান এবং প্রথম এজেন্ডা ছিল জুলাই বিপ্লবকে বিতর্কিত করা। জুলাই বিপ্লবকে বিতর্কিত করার লক্ষ্যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করে গিয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত জুলাইকে নিয়ে লিটারেচারের সংখ্যা, প্রবন্ধ-গ্রন্থের সংখ্যা খুবই নগণ্য বললেই চলে। তাই আমরা আজকে দেশবাসীর কাছে আহ্বান জানাব, যারা যারা জুলাইয়ে অংশগ্রহণ করেছিলেন, জুলাইয়ে ভূমিকা রেখেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা আহ্বান জানাবÑ আপনারা আপনাদের যে বীরত্বের গাঁথাগুলো রয়েছে, সেগুলো আপনারা নিজেরাই লিখুন।
এ সময় তিনি লিখিত বক্তব্যে প্রতিযোগিতার ঘোষণা দিয়ে বলেন, প্রতিযোগিতায় দেশ ও বিদেশের সকল নবীন ও প্রবীণ লেখক অংশগ্রহণ করতে পারবেন। গল্প এবং উপন্যাসের দুই বিভাগে সর্বমোট ১ লাখ ৮৬ হাজার টাকার সমমূল্যের বই পুরস্কার দেওয়া হবে। দুই বিভাগে ২০ জন করে সর্বমোট ৪০ জনকে পুরস্কৃত করা হবে এবং শ্রেষ্ঠ লেখাগুলো নিয়ে এক বা একাধিক সংকলন প্রকাশ করা হবে। বিচারকমণ্ডলী কর্তৃক বাছাইয়ে উত্তীর্ণ লেখা নিয়ে একটি গল্প সংকলন এবং একটি উপন্যাস সংকলন প্রকাশ করা হবে।
তিনি জানান, দুটি বিভাগে ২০জন করে মোট চল্লিশজনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। তৃতীয় পুরস্কার ১৫ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। চতুর্থ পুরস্কার ১০ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। পঞ্চম পুরস্কার ৫ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট।
কিউএস বিশ্ব র্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়: যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS) প্রকাশিত ২০২৭ সালের “কিউ-এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-২০২৭ : টপ গ্লোবাল ইউনিভার্সিটিজ” শীর্ষক তালিকায় তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অধিকারী করেছে। উল্লেখ্য, গত দুই বছরের র্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ সেরা হয়েছিলো।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।