বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এশিয়ার বিভিন্ন দেশের যুব, সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও পাকিস্তান–এই তিন দেশের ছাত্র, যুব, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উভয় পক্ষের শীর্ষ নেতৃবৃন্দ পারস্পরিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

সভায় বিদেশি মেহমানদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন পাকিস্তানের ইসলামী জমিয়তে তালাবা-এর খায়বার পাকতুনখোয়া প্রদেশের সাবেক সেক্রেটারি ড. ফজলুর রহমান, ইন্দোনেশিয়ার ছাত্র সংগঠন কাম্মি (KAMMI)-এর প্রতিনিধি নাজমি জুহাইর এবং ক্যাম্পাস দাওয়াহ ইন্সটিটিউট-এর সাবেক সভাপতি আওয়াব ফাদলুল্লাহ। এছাড়াও পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রতিনিধিসহ ফিলিপাইনের সামাজিক উন্নয়ন ও যুবকল্যাণে নিয়োজিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম এবং শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ মতবিনিময় সভায় প্রতিনিধিরা নিজ নিজ সংগঠনের নানা কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি মানবকল্যাণ ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূয়সী প্রশংসা করেন।