খুলনা মহানগরীর আলোচিত স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলায় মায়ের পর এবার গ্রেফতার হলেন প্রধান সন্দেহভাজন আসামী এবং নিহতের পিতা মো. আলীম হোসেন আকাশ ওরফে আলিম (৪০)। তাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার একটি যৌথ টিম।

শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাব-৬ এর মিডিয়া সেল জানায়। গ্রেফতারকৃত আলীম হোসেন আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা এবং মীর সোহরাব হোসেনের ছেলে।

র‍্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়। তিনি খুলনা সদর থানায় দায়ের হওয়া নির্জনা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজন আসামি। র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রথমে অজ্ঞাত পরিচয়ধারী হলেও পরে তার পরিচয় শনাক্ত হয়।

এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপ পরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে নিহত স্কুলছাত্রী নির্জনার পিতা আলীম হোসেন আকাশকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। এরপর তার মা সীমা আক্তারকে পুলিশ গ্রেফতার করলে তিনি মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তিনি আদালতে জানান, শাসন করতে গিয়ে মেয়ের মাথায় আঘাতের পর মৃত্যুর কোলে ঢলে পড়লে তাকে বস্তায় ভরে ফেলে আসা হয়। যেটি খুলনার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একটি ঘটনা।