গাজীপুরের শ্রীপুরে ওষুধ বিক্রি ও সংরক্ষণে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে সাতটি ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে শ্রীপুরে কয়েকটি ফার্মেসিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুতসহ একাধিক অনিয়ম শনাক্ত করেন।
পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীপুর রেলগেট এলাকার তারেক মেডিকেল হল, নূর ফার্মেসি, প্রত্যাশা মেডিকেল হল, শ্রীপুর ডিবি রোডের জনসেবা ঔষধালয়, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার জয়নাল মেডিকেল হলসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।