নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক মাদক ও নির্যাতন বিরোধী র্যালি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজন-এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে নলডাঙ্গা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে থানা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'মাদক একটি পরিবার, সমাজ তথা পুরো জাতিকে পঙ্গু করে দেয়। মাদকাসক্তির সাথে চুরি, ছিনতাই এবং খুনের মতো অপরাধ সরাসরি জড়িত। মাদকের কারণে পিতা পুত্রের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে। পৃথিবীতে যত পাপ রয়েছে, যত অন্যায় রয়েছে সকল পাপ ও অন্যায়ের কারন হলো মাদক। যারা মাদক সেবন করে তারাই ধর্ষণ করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, নির্যাতন করে, দেশকে অস্থিতিশীল করে।'
তিনি আরো বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ১৮ কোটি মানুষের মধ্যে ১ কোটি মানুষ মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। পরিবার থেকেই মাদক ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা শুরু করতে হবে।সন্তানদের পর্যাপ্ত সময় দিন এবং তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। মাদক ব্যবসায়ী ও নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আজ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—মাদককে 'না' বলব এবং যেকোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হব। একটি সুস্থ, সুন্দর এবং নিরাপদ সমাজ গড়ে তোলাই হোক আমাদের আজকের প্রধান লক্ষ্য।'
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ বেলাল মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন, নলডাঙ্গা শ্রমিক কল্যান ফেডারেশনের পৌরসভা সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পৌরসভার সেক্রেটারী মোঃ নয়ন ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি মোঃ তারেক রহমান, বিভিন্ন পর্যায়ের শ্রমিক, মজুর, শিক্ষকসহ সাধারণ মানুষ।