গাইবান্ধা থেকে জোবায়ের আলী : পিতার ইমামতিতেই গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর জানাযা সম্পন্ন হয়েছে।
জানাযার নামায আদায়ে ইমামতি করেন নিহত শিবির সভাপতির পিতা উপজেলা জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান।
গতকাল সোমবার বিকাল ৩ ঘটিকায় বোনারপাড়া সরকারি কাজি আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের ইমামতি করেন নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর পিতা হাবিবুর রহমান। তিনি সাঘাটা উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন হিসাবে দায়িত্বরত আছেন।
জানাযায় অংশ নেন এবং বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল শিবগাতুল্লাহ সিবগা, গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-৩ (সাদুল্ল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু। ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা জেলা সভাপতি ইউসুফ আল-কারযাভী ,জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল সাবেক জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, আবু হাসান, সাঘাটা উপজেলা আমির ইব্রাহিম আলী, সেক্রেটারি আব্দুল গফুর ও উপজেলা শিবির সভাপতি সাজেদুর রহমান সাদা প্রমুখ।
এর আগে সকাল ১১টায় গাইবান্ধা জেলা শহরে স্থানীয় পৌর পার্কে শিবিরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় । পৌর পার্কে সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মাওলানা নজরুল ইসলাম লেবু, জামায়াতের শহর আমির একেএম ফেরদৌস আলম, শহর সেক্রেটারি আবু হাসান, শিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কারজাভী, সেক্রেটারি ফাহিম মন্ডল, সাবেক জেলা সভাপতি ফেরদৌস রুম্মান, জেলা শূরা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমানও অন্যান্য নেতৃবৃন্দ।মিছিলটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে । অপরদিকে জেলার পলাশবাড়ী সহ সবকটি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় । সমাবেশগুলোতে অবিলম্বে দোষীদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দেয়া হয়।
এদিকে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে লাশ ময়নাতদন্তের পর শাঘটায় পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় । এলাকার হাজার হাজার নারী পুরুষ সাইফুল্লার লাশ এক নজর দেখার জন্য বোনাপাড়া সরকারি কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় জমান । হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযার শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত রোববার (২১ জুন) বিকেলে প্রকাশ্যে ছুরিকাঘাত করে সাইফুল্লাহ বারীকে হত্যা করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ৩টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথায় সাইফুল্লাহকে ছুরিকাঘাত করেন যুবদলের বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল ও তার সঙ্গীরা। রোববার (২১ জুন) রাতে জেলা যুবদলের এক বিজ্ঞপ্তিতে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়। এঘটনায় রাতেই স্থাণীয় জনতা যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুল বাড়ি পুড়িয়ে দেয় । এ ঘটনায় রোববার রাতে রাজধানীতে ও সোমবার (২২ জুন) দুপুরে দিকে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করেন।