খুলনায় এক পুলিশ দম্পত্তির বিরুদ্ধে গৃহপরিচালিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ দম্পতি নগরীর সোনাডাঙা মডেল থানার সহকারী উপপরিদর্শক সঞ্জয় মিত্র ও তাঁর স্ত্রী পপি মিত্র।

বুধবার (১৭ জুন) সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহকর্মীর নাম মিলন (২২)। মা-বাবাহীন মিলনের বাড়ি নরসিংদী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে প্রতিবেশীরা সোলার পার্কের পাশের একটি বাসার একজন নারীকে একাধিকবার কান ধরে উঠবস করা ও লাঠি দিয়ে মারধর কারার দৃশ্য দেখতে পান। বিষয়টি জানতে পেরে কয়েকজন সাংবাদিক ও নারী অধিকারকর্মী সেখানে যান। কিন্তু সেখানে ঢুকতে না দেওয়ায় পরবর্তীতে ৯৯৯ কল দিয়ে কৌশলে ভিতরে ঢুকেন। ঢুকে ওই গৃহপরিচারিকাকে উদ্ধার করেন।

তারা জানান, বাসাটি পুলিশ কর্মকর্তা সঞ্জয় মিত্র ও পপি মিত্রের। কুমড়ার তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে ওই গৃহকর্মীকে নির্যাতন চালানো হয়েছিল। গৃহকর্মীকে গরম কড়াই ও খুন্তি দিয়ে বিভিন্নস্থানে ছ্যাকা দেওয়া হয়। এর আগেও ওই নারী গৃহ পরিচালিকাকে নির্যাতন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র দুইজন সোনাডাঙ্গা থানায় কর্মরত রয়েছেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়েছে।

ভুক্তভোগী গৃহকর্মীর অভিযোগ, তাঁকে প্রায়শই নির্যাতনের শিকার হতে হয়। তাঁর কোথাও যাওয়ার নেই। ছোটবেলা থেকে সঞ্জয় মিত্রের কাছে ছিলেন।

অবশ্য এসব বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ওই গৃহকর্মীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেস্টারে পাঠিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।