বাংলাদেশ জামায়াতে ইসলামিক কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা মোবারক হোসেন বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রবিরোধী ব্যাধি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জাতীয় বাজেটে মাদকের মূল্য বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে বলেন, শুধু মূল্য বৃদ্ধি করলেই মাদকসেবন কমবে না, বরং মাদককে সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবিতে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের রেলওয়ে স্টেশন চত্বরে এ মাদকবিরোধী র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে মোবারক হোসেন বলেন, ভারত আমাদের পানি আটকে রাখে, আবার মাদকও পাঠায়। আমরা ইলিশ, আম ও কাঁঠাল পাঠাই, তারা পাঠায় মাদক। আমরা চাই, মাদক পাঠানো বন্ধ হোক।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, এনডিএফ জেলা সভাপতি ডা. আবু হানিফ, অফিস সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রুকন উদ্দিন, এইচআরডি সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী এবং আইন ও যুব সম্পাদক কাজী সিরাজুল ইসলাম।
এ সময় জেলা জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।