নেত্রকোনার মদনে পুলিশের ওপর হামলার অভিযোগে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দূরপাল্লার যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে মদন পৌর শহরের কলেজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের অভিযানে বাধা দেন ছাত্রদল নেতা সৈয়দ মিঠু। পরে প্রশাসনের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনায় পুলিশের দুই সদস্য—ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন।
ঘটনার পর পুলিশ সৈয়দ মিঠুকে আটক করে থানায় নিয়ে যায়। সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গেলে মিঠু নামের এক যুবকের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় মিঠুকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদল কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের হয়রানি ও দুর্ভোগের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে যাত্রীদের অভিযোগ শোনার সময় সৈয়দ মিঠুর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হলে তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।