সারা দেশে আলোড়ন তোলা রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। ইতোমধ্যে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।

বেলা ১১টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে। আলোচিত এই মামলার রায়কে ঘিরে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ রোববার সকালে কারাগার থেকে আসামিদের প্রিজন ভ্যানে করে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

এই মামলার প্রধান আসামি সোহেল রানাকে সকাল ৮টা ৫০ মিনিটে ও আরেক আসামি স্বপ্না আক্তারকে সকাল ৮ টা ৩০ মিনিটে প্রিজন ভ্যান থেকে পুলিশি নিরাপত্তায় নামিয়ে হাজতখানায় রাখা হয়।

এর আগে এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয় গত বৃহস্পতিবার। যুক্তিতর্ক শেষে আদালত ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন।

তদন্ত শুরু থেকে রায় ঘোষণার পর্যায় পর্যন্ত পুরো বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র ১৭ দিনের মধ্যে। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে আলোচিত কোনো ধর্ষণ ও হত্যা মামলার ক্ষেত্রে এত দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ার নজির খুবই কম।